দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে ‘একতরফা সামরিক পদক্ষেপের’ বিরোধিতা করেছে চীন। একই সঙ্গে ফিলিস্তিন সংকটের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে দ্রুত ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। চীন বলেছে, ফিলিস্তিনিদের নিজেদের দেশ পরিচালনার নীতি অনুযায়ী পশ্চিম তীরে শাসনব্যবস্থা এগিয়ে নেওয়া এবং সংঘাত-পরবর্তী গাজার পুনর্গঠন করা উচিত।
শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বলেন, মতপার্থক্য ও বিরোধ সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন এড়িয়ে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করার আহ্বান জানান তিনি।
হান ঝেং বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় দেশগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে। নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজ করার ক্ষেত্রে তাদের নেতৃত্ব দেওয়া উচিত।
মধ্যপ্রাচ্য প্রসঙ্গে চীনের অবস্থান তুলে ধরে হান ঝেং বলেন, উপসাগরীয় দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানো উচিত।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শিল্প ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও নির্বিঘ্ন রাখা এবং বৈশ্বিক বাণিজ্য সুরক্ষিত করা প্রয়োজন।
ফিলিস্তিন প্রসঙ্গে চীনের অবস্থান
ফিলিস্তিন সংকট নিয়ে হান ঝেং বলেন, ফিলিস্তিনিদের নিজেদের দেশ পরিচালনার নীতি অনুযায়ী পশ্চিম তীরে শাসনব্যবস্থা এগিয়ে নিতে হবে। একই নীতির ভিত্তিতে সংঘাত-পরবর্তী গাজার পুনর্গঠনেও অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।
চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন প্রশ্নকে দ্রুত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
ইউক্রেন সংকট নিয়েও বক্তব্য দেন হান ঝেং। তিনি বলেন, সংকটের রাজনৈতিক সমাধানে চীন নিজস্ব উপায়ে ধারাবাহিকভাবে ‘গঠনমূলক ভূমিকা’ পালন করে যাচ্ছে।
কিউবা প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট দেশকে অবিলম্বে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে কিউবার ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও শিল্প খাতে পরিবর্তনের বিষয়েও বক্তব্য দেন হান ঝেং। তিনি বলেন, নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের সময়ে বিশ্বকে মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক বিকাশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিজিটাল বৈষম্য কমিয়ে সবার জন্য সুফল বয়ে আনে এমন উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
/অ